অনেক কালের যাত্রা আমার

উইকিসংকলন থেকে

গীতিমাল্য ১৪ রবীন্দ্রনাথ ঠাকুর
অনেক কালের যাত্রা আমার
english Gitanjali poem no 12 The time that my journey takes is long and the way of it long.


অনেক কালের যাত্রা আমার
        অনেক দূরের পথে,
প্রথম বাহির হয়েছিলেম
       প্রথম-আলোর রথে |
গ্রহে তারায় বেঁকে বেঁকে
পথের চিহ্ন এলেম এঁকে
কত যে লোক-লোকান্তরের
       অরণ্যে পর্বতে |

সবার চেয়ে কাছে আসা
       সবার চেয়ে দূর |
বড় কঠিন সাধনা, যার
       বড় সহজ সুর |
পরের দ্বারে ফিরে, শেষে
আসে পথিক আপন দেশে
বাহির ভুবন ঘুরে মেলে
       অন্তরের ঠাকুর |

"এই যে তুনি" এই কথাটি
       বলব আমি বলে
কত দিকেই চোখ ফেরালেম
       কত পথেই চলে ।
ভরিয়ে জগত্ লক্ষ ধারায়
"আছ-আছ"র স্রোত বহে যায়
"কই তুমি কই" এই কাঁদনের
       নয়ন-জলে গলে ।

শিলাইদহ ২৪ চৈত্র ১৩১৮

SOURCE: rabIndra rachananAbalI, pashchimbanga sarkAr, janmashatabArShikI ed., v. 2 p. 331.