অব্যক্ত/আকাশ-স্পন্দন ও আকাশ-সম্ভব জগৎ

উইকিসংকলন থেকে

অব্যক্ত জগদীশ চন্দ্র বসু
আকাশ-স্পন্দন ও আকাশ-সম্ভব জগৎ


দৃশ্যজগৎ ক্ষিতি, অপ্‌, তেজ, মরুৎ, ব্যোম লইয়া গঠিত। রূপক অর্থে এ-কথা লইতে পারা যায়। এ জগতে অসংখ্য ঘটনাবলির মূলে তিনটি কারণ বিদ্যমান। প্রথম পদার্থ, দ্বিতীয় শক্তি, তৃতীয় ব্যোম অথবা আকাশ।

পদার্থ ত্রিবিধ আকারে দেখা যায়। ক্ষিত্যাকারে−অর্থাৎ কঠিনরূপে; দ্রব্যাকারে−অর্থাৎ অপ্‌রূপে; বায়বাকারে−অর্থাৎ মরুৎরূপে। জড়পদার্থ সর্বসময়ে শক্তি অথবা তেজ দ্বারা স্পন্দিত হইতেছে। এই মহাজগৎ ব্যোমে দোলায়মান রহিয়াছে। মহাশক্তি অনন্ত চক্রে নিরন্তর ঘূর্ণিত হইতেছে। তাহারই বলে অসীম আকাশে বিশ্বজগৎ ভ্রমণ করিতেছে, উদ্ভুত হইতেছে এবং পুনরায় মিলাইয়া যাইতেছে।