আজি ঝড়ের রাতে তোমার অভিসার

উইকিসংকলন থেকে

আজি ঝড়ের রাতে তোমার অভিসার
রবীন্দ্রনাথ ঠাকুর
গীতাঞ্জলি ২০, Gitanjali XXIII Art thou abroad on this stormy night


আজি ঝড়ের রাতে তোমার অভিসার
        পরানসখা বন্ধু হে আমার ।
                  আকাশ কাঁদে হতাশসম
                  নাই যে ঘুম নয়নে মম,
                  দুয়ার খুলি, হে প্রিয়তম,
                         চাই যে বারে বার ।
                  পরানসখা বন্ধু হে আমার ।

         বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
         তোমার পথ কোথায় ভাবি তাই ।
                  সুদূর কোন্ নদীর পারে,
                  গহন কোন্ বনের ধারে,
                  গভীর কোন্ অন্ধকারে
                         হতেছ তুমি পার ।
                   পরানসখা বন্ধু হে আমার ।

রচনা: "পদ্মা" বোট, শ্রাবণ ১৩১৬