আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে

উইকিসংকলন থেকে

আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে
রবীন্দ্রনাথ ঠাকুর

আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে
গোপন তব চরণ ফেলে
নিশার মতো নীরব ওহে
সবার চিঠি এড়ায়ে এলে।
প্রভাত আজি মুদেছে আঁখি,
বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি
নিবিড় মেঘ কে দিল মেলে।

কূজনহীন কাননভূমি,
দুয়ার দেওয়া সকল ঘরে-
একেলা কোন পথিক তুমি
পথিকবিহীন পথের প'রে।
হে একা সখা, হে প্রিয়তম,
রয়েছে খোলা এ ঘর মম,
সমুখ দিয়ে স্বপনসম
হেয়ো না মোরে হেলায় ঠেলে।