আজ জ্যোত্স্নারাতে সবাই গেছে বনে
উইকিসংকলন থেকে
| গীতিমাল্য ৮৬ আজ জ্যোত্স্নারাতে সবাই গেছে বনে |
| পাঠান্তর : গীতবিতান পূজা ১৪৬ (নীচে দেখুন) |
আজ জ্যোত্স্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে॥
যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে--
এই নিরালায় রব আপন কোণে।
যাব না এই মাতাল সমীরণে॥
আমার এ ঘর বহু যতন ক'রে
ধুতে হবে মুছতে হবে মোরে।
আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে॥
রচনাকাল: ২২ চৈত্র ১৩২০
গীতবিতান পূজা ১৪৬ [রবীন্দ্র রচনাবলী (পশ্চিমবঙ্গ সরকার শতবার্ষিকী সং) খণ্ড ৪, পৃ ৫১] থেকে সংগৃহীত ।
পাঠান্তর: গীতিমাল্য গ্রন্থে তৃতীয় পঙ্ক্তি তে "রইনু পড়ে ঘরের মাঝে"র আদি পাঠ ছিল "থাকব পড়ে ঘরের মাঝে" [রবীন্দ্র রচনাবলী (পশ্চিমবঙ্গ সরকার শতবার্ষিকী সং) খণ্ড ২, পৃ ৩৭৩] ।