আজ বারি ঝরে ঝর ঝর

উইকিসংকলন থেকে

গীতাঞ্জলি ২৭ রবীন্দ্রনাথ ঠাকুর
আজ বারি ঝরে ঝর ঝর

২৭


আজ বারি ঝরে ঝর ঝর
           ভরা বাদরে ।
       আকাশ-ভাঙা আকুল ধারা
           কোথাও না ধরে ।
                শালের বনে থেকে থেকে
                ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,
                জল ছুটে যায় এঁকেবেঁকে
                         মাঠের 'পরে ।
       আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে
                       নৃত্য কে করে ।

ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন,
           লুটেছে ওই ঝড়ে,
      বুক ছাপিয়ে তরঙ্গ মোর
           কাহার পায়ে পড়ে ।
                অন্তরে আজ কী কলরোল,
                দ্বারে দ্বারে ভাঙল আগল,
                হৃদয় মাঝে জাগল পাগল
                       আজি ভাদরে ।
       আজ এমন করে কে মেতেছে
                       বাহিরে ঘরে ।

রচনাকাল: ১৪ ভাদ্র ১৩১৬
রবীন্দ্র রচনাবলী (বিশ্বভারতী ১৩৮৯) খণ্ড ১১, পৃ ২৫ থেকে সংগৃহীত ।