আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান
উইকিসংকলন থেকে
| ←আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা | গীতাঞ্জলি ৯ আনন্দেরই সাগর থেকে |
তোমার সোনার থালায় সাজাব আজ→ |
| শেফালি |
৯
আনন্দেরই সাগর থেকে
এসেছে আজ বান ।
দাঁড় ধরে আজ বোস্ রে সবাই
টান রে সবাই টান্ ।
বোঝা যতই বোঝাই করি
করব রে পার দুখের তরী,
ঢেউয়ের 'পরে ধরব পাড়ি
যায় যদি যাক প্রাণ ।
আনন্দেরই সাগর থেকে
এসেছে আজ বান ।
কে ডাকে রে পিছন হতে,
কে করে রে মানা,
ভয়ের কথা কে বলে আজ --
ভয় আছে সব জানা ।
কোন্ শাপে কোন্ গ্রহের দোষে
সুখের ডাঙায় থাকব বসে;
পালের রশি ধরবো কষি,
চলব গেয়ে গান ।
আনন্দেরই সাগর থেকে
এসেছে আজ বান ।
রবীন্দ্র রচনাবলী (বিশ্বভারতী ১৩৮৯) খণ্ড ১১ থেকে সংগৃহীত ।