আমার নয়ন ভুলানো এলে

উইকিসংকলন থেকে

গীতাঞ্জলি ১৩ রবীন্দ্রনাথ ঠাকুর
আমার নয়ন ভুলানো এলে
গীতবিতান প্রকৃতি শরত ১৪৬ ; শেফালি

১৩


আমার নয়ন-ভুলানো এলে ।
আমি কী হেরিলাম হৃদয় মেলে ।
        শিউলিতলার পাশে পাশে
        ঝরা ফুলের রাশে রাশে
        শিশির-ভেজা ঘাসে ঘাসে
            অরুণরাঙা চরণ ফেলে
            নয়ন-ভুলানো এলে ।

আলোছায়ার আঁচলখানি
   লুটিয়ে পড়ে বনে বনে,
ফুলগুলি ওই মুখে চেয়ে
   কী কথা কয় মনে মনে ।
         তোমায় মোরা করব বরণ,
         মুখের ঢাকা করো হরণ,
         ওইটুকু ওই মেঘাবরণ
            দু হাত দিয়ে ফেলো ঠেলে।
            নয়ন-ভুলানো এলে ।

বনদেবীর দ্বারে দ্বারে
      শুনি গভীর শঙ্খধ্বনি,
আকাশবীণার তারে তারে
      জাগে তোমার আগমনী ।
       কোথায় সোনার নূপুর বাজে,
       বুঝি আমার হিয়ার মাঝে,
       সকল ভাবে সকল কাজে
           পাষাণ-গালা সুধা ঢেলে--
           নয়ন-ভুলানো এলে ।

রচনা: শান্তিনিকেতন, ৭ ভাদ্র ১৩১৫
রবীন্দ্র রচনাবলী (বিশ্বভারতী ১৩৮৯) খণ্ড ১১, পৃ ১৪ থেকে সংগৃহীত ।