আমি বলি তোরে মন, গুরুর চরণ কর রে ভজন

উইকিসংকলন থেকে

আমি বলি তোরে মন, গুরুর চরণ কর রে ভজন
লালন
হারামণি, ৮ম খণ্ড, পৃ. ৭

আমি বলি তোরে মন, গুরুর চরণ কর রে ভজন।
গুরুর চরণ পরম রতন কর রে সাধন।।
            মায়াতে মত্ত হলে
            গুরুর চরণ না চিনিলে
            সত্য পথ হারাইলে
                        সব খোয়ালে গুরু-বস্তু ধন।।
            ত্রিপীনের ত্রিধারে
            মীনরূপে গুরু বিরাজ করে
            কেমন করে ধরবে তারে
                        মনরে অবুঝ মন।।
            মহতের সঙ্গ ধরো
            কামের ঘরে কপাট মারো
            ফকির লালন বলে, কোলের ঘোরে
                        হারালি রে পরশ রতন।।