আমি হেথায় থাকি শুধু

উইকিসংকলন থেকে

গীতাঞ্জলি ৩১ রবীন্দ্রনাথ ঠাকুর
আমি হেথায় থাকি শুধু
গীতবিতান পূজা ২৩


আমি হেথায় থাকি শুধু
  গাইতে তোমার গান,
দিয়ো তোমার জগত্সভায়
  এইটুকু মোর স্থান |
         আমি তোমার ভুবন-মাঝে
         লাগি নি নাথ, কোনো কাজে,
         শুধু কেবল সুরে বাজে
              অকাজের এই প্রাণ |

নিশায় নীরব দেবালয়ে
  তোমার আরাধন,
তখন মোরে আদেশ কোরো
  গাইতে হে রাজন |
         ভোরে যখন আকাশ জুড়ে
         বাজবে বীণা সোনার সুরে
         আমি যেন না রই দূরে
             এই দিয়ো মোর মান |

রবীন্দ্র রচনাবলী (পশ্চিমবঙ্গ সরকার শতবার্ষিকী সং) খণ্ড ২, পৃ ২৩৪ থেকে সংগৃহীত| গীতবিতানে যতিচিহ্ণ ("লাগি নি, নাথ,", "না রই দূরে,") এবং পঙ্‌ক্তিবিন্যাস সামান্য আলাদা।