আরো আঘাত সইবে আমার

উইকিসংকলন থেকে

গীতাঞ্জলি ৯০ রবীন্দ্রনাথ ঠাকুর
আরো আঘাত সইবে আমার

৯০

আরো আঘাত সইবে আমার
        সইবে আমারো,
আরো কঠিন সুরে জীবনতারে ঝংকারো ।
        যে রাগ জাগাও আমার প্রাণে
        বাজে নি তা চরমতানে,
        নিঠুর মূর্ছনায় সে গানে
             মূর্তি সঞ্চারো ।

লাগে না গো কেবল যেন
        কোমল করুণা,
মৃদু সুরের খেলায় এ প্রাণ
        ব্যর্থ কোরো না ।
         জ্বলে উঠুক সকল হুতাশ,
         গর্জি উঠুক সকল বাতাস,
         জাগিয়ে দিয়ে সকল আকাশ
                 পূর্ণতা বিস্তারো ।

রচনাকাল: ৪ আষাঢ় ১৩১৭
রবীন্দ্র রচনাবলী (বিশ্বভারতী ১৩৮৯) খণ্ড ১১, পৃ ৭১ থেকে সংগৃহীত ।