আর নাই রে বেলা, নামল ছায়া

উইকিসংকলন থেকে

গীতাঞ্জলি ২৬ রবীন্দ্রনাথ ঠাকুর
আর নাই রে বেলা, নামল ছায়া

আর     নাই রে বেলা, নামল ছায়া
              ধরণীতে,
এখন     চল্ রে ঘাটে কলসখানি
              ভরে নিতে |
                     জলধারার কলস্বরে
                     সন্ধ্যাগগন আকুল করে,
        ওরে,       ডাকে আমায় পথের 'পরে
                              সেই ধ্বনিতে |
                     চল্ রে ঘাটে কলসখানি
                              ভরে নিতে |

এখন      বিজন পথে করে না কেউ
               আসা-যাওয়া,
ওরে,      প্রেম-নদীতে উঠেছে ঢেউ,
               উতল হাওয়া |
                     জানি নে আর ফিরব কিনা,
                     কার সাথে আজ হবে চিনা,
         ঘাটে       সেই অজানা বাজায় বীণা
                               তরণীতে |
                      চল্ রে ঘাটে কলসখানি 
                            ভরে নিতে |

রচনাকাল: ১৩ ভাদ্র ১৩১৬
গীতাঞ্জলি ২৬ [রবীন্দ্র রচনাবলী (পশ্চিমবঙ্গ সরকার শতবার্ষিকী সং) খণ্ড ২, পৃ ২৩১] থেকে সংগৃহীত । গীতবিতান প্রেম ৮৪ তে শেষ অন্তরা দুটি নেই এবং পঙ্‌ক্তিবিন্যাস ও যতিচিহ্ণ সামান্য আলাদা।