আলাক্ব
উইকিসংকলন থেকে
মক্কায় অবতীর্ণ, আয়াত ১৯, রুকু ১
রহমান রহীম আল্লাহ তায়ালার নামে
- ০০১. (হে মোহাম্মদ), তুমি পড়ো, (পড়ো) তোমার মালিকের নামে, যিনি সৃষ্টি করেছেন,
- ০০২. যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবাঁধা রক্ত থেকে,
- ০০৩. তুমি পড়ো এবং (জেনে রাখো) তোমার মালিক বড়োই মেহেরবান,
- ০০৪. তিনি (মানুষকে) কলম দ্বারাই (জ্ঞান-বিজ্ঞান) শিখিয়েছেন,
- ০০৫. তিনি মানুষকে (এমন সবকিছু) শিখিয়েছেন যা (তিনি না শেখালে) সে কখনো জানতে পারতো না;
- ০০৬. (আর) হাঁ, এ মানুষটিই (বড়ো হয়ে) বিদ্রোহে মেতে ওঠে;
- ০০৭. সে দেখতে পায় তার যেন (এখন আর) কোনো অভাব নেই;
- ০০৮. অথচ (এ নির্বোধ ভেবে দেখে না,) একদিন তার মালিকের দিকেই (তার) প্রত্যাবর্তন হবে;
- ০০৯. তুমি কি সে (দাম্ভিক) ব্যক্তিটিকে দেখেছো যে তাকে বাধা দিলো-
- ০১০. (বাধা দিলো আল্লাহর) এক বান্দাকে যে নামায পড়ছিলো;
- ০১১. তুমি কি দেখেছো, সে কি সঠিক পথের ওপর আছে,
- ০১২. কিংবা সে কি (অন্যদের আল্লাহ তায়ালাকে) ভয় করার আদেশ দেয়?
- ০১৩. সে ব্যাক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে (আল্লাহকে) মিথ্যা প্রতিপন্ন করে এবং (তাঁর থেকে) মুখ ফিরিয়ে নেয়;
- ০১৪. এ (দাম্ভিক) লোকটি কি জানে না আল্লাহ তায়ালা (তার সব কিছুই) পর্যবেক্ষণ করছেন;
- ০১৫. (কিছুতেই) না, যদি সে (এ থেকে) ফিরে না আসে, তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখভাগের চুলের গোছা ধরে হেঁচড়াবো,
- ০১৬. (তুমি কি জানো সে কে যার চুল ধরে আমি হেঁচড়াবো?) সে হচ্ছে (আমাকে) মিথ্যা প্রতিপন্নকারী না-ফরমান ব্যাক্তিটি,
- ০১৭. সে (আজ বাঁচার জন্য) তার সঙ্গী-সাথীদের ডেকে আনুক,
- ০১৮. আমিও তার জন্যে (আযাবের) ফেরেশতাদের ডাক দেবো,
- ০১৯. কখনো নয়; তুমি কিছুতেই তার অনুসরণ করো না, তুমি (বরং) তোমার মালিকের সামনে সাজদাবনত হও এবং তাঁর নৈকট্য লাভ করো।
বাংলা অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দিন আহমদ