আলোয় আলোকময় করে হে
উইকিসংকলন থেকে
| ←জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ | গীতাঞ্জলি ৪৫ আলোয় আলোকময় করে হে |
আসনতলের মাটির পরে→ |
৪৫
আলোয় আলোকময় ক'রে হে
এলে আলোর আলো ।
আমার নয়ন হতে আঁধার
মিলালো মিলালো ।
সকল আকাশ সকল ধরা
আনন্দে হাসিতে ভরা,
যে দিক-পানে নয়ন মেলি
ভালো সবই ভালো ।
তোমার আলো গাছের পাতায়
নাচিয়ে তোলে প্রাণ ।
তোমার আলো পাখির বাসায়
জাগিয়ে তোলে গান ।
তোমার আলো ভালোবেসে
পড়েছে মোর গায়ে এসে,
হৃদয়ে মোর নির্মল হাত
বুলালো বুলালো ।
রচনা: বোলপুর ২০ অগ্রহায়ণ ১৩১৬
রবীন্দ্র রচনাবলী (বিশ্বভারতী ১৩৮৯) খণ্ড ১১, পৃ ৩৭ থেকে সংগৃহীত ।