আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল

উইকিসংকলন থেকে

গীতাঞ্জলি ১৯ রবীন্দ্রনাথ ঠাকুর
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল
গীতবিতান বর্ষা ৩৩ ; স্বরবিতান ৩৭

১৯

আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল,
   গেল রে দিন বয়ে ।
বাঁধনহারা বৃষ্টিধারা
   ঝরছে রয়ে রয়ে ।
      একলা বসে ঘরের কোণে
      কী ভাবি যে আপন-মনে,
      সজল হাওয়া যূথীর বনে
             কী কথা যায় কয়ে ।
      বাঁধনহারা বৃষ্টিধারা
             ঝরছে রয়ে রয়ে ।

হৃদয়ে আজ ঢেউ দিয়েছে,
   খুঁজে না পাই কূল ;
সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে
   ভিজে বনের ফুল ।
      আঁধার রাতে প্রহরগুলি
      কোন্‌ সুরে আজ ভরিয়ে তুলি,
      কোন্‌ ভুলে আজ সকল ভুলি
             আছি আকুল হয়ে ।
      বাঁধনহারা বৃষ্টিধারা
             ঝরছে রয়ে রয়ে ।

রচনাকাল: শিলাইদহ আষাঢ় ১৩১৬
রবীন্দ্র রচনাবলী (বিশ্বভারতী ১৩৮৯) খণ্ড ১১, পৃ ১৯ থেকে সংগৃহীত ।