উদয়াচল - আগমনী

উইকিসংকলন থেকে

উদয়াচল - আগমনী
সুকান্ত ভট্টাচার্য
সূর্য-প্রণাম


(সমবেত গান)

পুবসাগরের পার হতে কোন পথিক তুমি উঠলে হেসে,
তিমির ভেদি ভুবন-মোহন আলোর বেশে।
ওগো পথিক, তোমার আলোর ঘুচুক জরা
ছন্দে নাচুক বসুন্ধরা
গগনপথে যাত্রা তোমার নিরুদ্দেশে।
তুমি চিরদিনের দোলে দোলাও অনন্ত আবর্তনে,
নৃত্যে কাঁপুক চিত্ত মোদের নটরাজের নর্তনে।
আলোর সুরে বাজাও বাঁশি,
চিরকালের রূপ-বিকাশি'
আঁধার নাশে সুন্দর হে তোমার বাণীর মূক আবেশে।।