এক ফুলে চার রঙ ধরেছে

উইকিসংকলন থেকে

এক ফুলে চার রঙ ধরেছে
লালন
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২১৬

এক ফুলে চার রঙ ধরেছে
ও সে ভাব-নগর ফুলে
                        কি আজব শোভা করেছে।।[১]
            কারণ বারির মধ্যে সে ফুল
            ভেসে বেড়ায় একুল ওকুল
            শ্বেত বরণ এক ভ্রমর ব্যাকুল
                        সে ফুলে মধুর আশে।।[২]
            মূল ছাড়া সে ফুলের লতা
            ডাল ছাড়া তার আছে পাতা
            এ বড় অকৈতব কথা
                        সে পর ভাবে কই কার কাছে।।[৩]
            ডুবে দেখ মন দেল-দরিয়ায়
            যে ফুলে নবীর জন্ম হয়
            সে ফুল তো সামান্য ফুল নয়,
                        লালন কয়, যার মূল নাই দেশে।।

[সম্পাদনা] কথান্তর

  1. ও সে ফুলে ভাব-নগরে কি শোভা ধরেছে।
  2. সে ফুলের মধুর আশে ঘুরতেছে।
  3. ফুলের ভাব কই কার কাছে।

বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১০০ ‘লালন-গীতিকা’য় অন্তরা ও সঞ্চারীর স্তবকের স্থান-বদল হয়েছে। সঞ্চারীর ৪র্থ চরণ এভাবে লেখা হয়েছেঃ “প্রত্যয় হবে কয় কার কাছে।” -পৃ. ৬৬