এবার আমি করব কৃষি
উইকিসংকলন থেকে
| এবার আমি করব কৃষি |
|
সুরনির্দেশঃ প্রসাদী-একতালা |
এবার আমি করব কৃষি।
ওগো, এ ভবসংসারে আসি।।
তুমি কৃপাবিন্দুপাত করিয়ে, ব’সে দেখ রাজমহিষী।।
দেহ-জমির জঙ্গল বেশী, সাধ্য কি মা সকল চষি।
মাগো যৎকিঞ্চিৎ আবাদ হইলে, আনন্দসাগরে ভাসি।।
হৃদয়মধ্যেতে আছে, পাপরূপী তৃণরাশি।
কত দুঃখ-কাঁটা পায়ে ফোটে, মুক্ত কর মা মুক্তকেশী।।
কাম আদি ছয়টা বলদ বহিতেছে অহর্নিশি।
আমি গুরুদত্ত বীজ বুনিয়ে, শস্য পাব রাশি রাশি।।
প্রসাদ বলে চাষে বাসে, মিছে মন অভিলাষী।
আমার মনের বাসনা, তারার ও রাঙ্গা চরণে মিশি।।