এবার বাজি ভোর হল
উইকিসংকলন থেকে
| এবার বাজি ভোর হল |
|
সুরনির্দেশঃ প্রসাদী-একতালা |
এবার বাজি ভোর হল।
ও মন কি খেলা বল।।
শতরঞ্চ প্রধান পঞ্চ, পঞ্চে আমায় দাগা দিল।
এবার বড়ের ঘর করে ভর মন্ত্রীটি বিপাকে মলো।।
দুটা অশ্ব দুটা গজ ঘরে বসে কাল কাটালো।
তারা চলতে পারে সকল ঘরে তবে কেন অচল হ’লো।।
দুখান তরী নিমক ভরি বাদাম তুলি না চলিল।
ওরে এমন সুবাতাস পেয়ে ঘাটের তরী ঘাটে রৈলো।।
শ্রীরামপ্রসাদ বলে মোর কপালে অবশেষে এই ছিল।
ওরে অতঃপরে কোণার ঘরে পীলের কিস্তি মাত হ’ল।।