এলোকেশে, কে শবে, এলো রে বামা

উইকিসংকলন থেকে

এলোকেশে, কে শবে, এলো রে বামা
রামপ্রসাদ সেন

সুরনির্দেশঃ মল্লার – খয়রা


এলোকেশে, কে শবে, এলো রে বামা।
নখর-নিকর হিমকরবর, রঞ্জিত ঘন তনু মুখ হিমধারা।।
নব নব সঙ্গিনী, নব রস-রঙ্গিনী, হাসত ভাষত নাচত বামা।
কুলবালা বাহুবলে, প্রবল দনুজদলে, ধরাতলে হতরিপু সমা।।
ভৈরব ভূত প্রমথগণ, ঘন রবে রণজয়ী শ্যামা।
করে করে ধরে তাল, ববম্ বম্ বাজে গাল,
ধাঁ ধাঁ ধাঁ গুড়্ গুড়্ বাজিছে দামামা।।
ভবভয়ভঞ্জন, হেতু কবিরঞ্জন, মুঞ্চতি করম সুনামা।
তব গুণশ্রবণ, সতত মম মনে, ঘোর ভবে পুনরপি গমন বিরামা।।