ওরে মন কি ব্যাপারে এলি

উইকিসংকলন থেকে

ওরে মন কি ব্যাপারে এলি
রামপ্রসাদ সেন

সুরনির্দেশঃ প্রসাদী – একতালা


ওরে মন কি ব্যাপারে এলি।
ও তুই না চিনিয়ে কাজের গোড়া, লাভে মূলে হারাইলি।
গুরুদত্ত রত্ন ভরে, কেন ব্যাপার না করিলি।
ও তুই কুসঙ্গেতে থেকে রত, মধ্যে তরী ডুবাইলি।।
শ্রীরামপ্রসাদে বলে, সে অর্থ কেন না আনিলি।
ও তোর ব্যাপারেতে লাভ হবে কি, মহাজনকে মজাইলি।।