ও কার রমণী সমরে নাচিছে

উইকিসংকলন থেকে

ও কার রমণী সমরে নাচিছে
রামপ্রসাদ সেন

সুরনির্দেশঃ ললিত - তেওট


ও কার রমণী সমরে নাচিছে।
দিগম্বরী দিগম্বরোপরি শোভিছে।।
তনু নব-ধারা-ধর, রুধির ধারা-নিকর,
কালিন্দীর জলে কি কিংশুক ভাসিছে।।
বদন বিমল শশী, কত সুধা ক্ষরে হাসি,
কালরূপে তমো রাশি রাশি নাশিছে।।
কহে কবি রামপ্রসাদে, কালিকা-কমল-পাদে,
মুক্তিহেতু যোগী হৃদে ভাসিছে।।