কালী কালী বল রসনা
উইকিসংকলন থেকে
| কালী কালী বল রসনা |
|
সুরনির্দেশঃ বসন্তবাহার-একতালা |
কালী কালী বল রসনা।
কর পদধ্যান, নামামৃত পান, যদি হতে ত্রাণ, থাকে বাসনা।।
ভাই বন্ধু সুত দারা পরিজন, সঙ্গের দোসরনহে কোন জন।
দুরন্ত শমন বাঁধিবে যখন, বিনে এই চরণ কেহ কার না।।
দুর্গানাম মুখে বল একবার, সঙ্গের সম্বল দুর্গানাম আমার।
অনিত্য সংসার নাহি পারাবার, সকলি অসার ভেবে দেখ না।।
গেল গেল কাল বিফলে গেল, দেখনা কালান্ত নিকটে এল।
প্রসাদ বলে ভাল, কালী কালী বল, দূর হবে সব যমযন্ত্রণা।।