কালী বল রসনা রে

উইকিসংকলন থেকে

কালী বল রসনা রে
রামপ্রসাদ সেন

সুরনির্দেশঃ প্রসাদী-একতালা


কালী বল রসনা রে।
ও মন, ষটচক্র-রথমধ্যে, শ্যামা মা মোর বিরাজ করে।।
তিনটি কাছি কাছাকাছি, যুক্ত বাঁধা মূলাধারে।
পাঁচ ক্ষমতার সারথি তায়, রথ চালায় দেশদেশান্তরে।।
জুড়ি ঘোড়া দৌড় কুচে, দিনেতে দশকুশী মারে।
সে যে সময় শির নাড়িতে নারে, কলে বিকল হলে পরে।।
তীর্থে গমন মিথ্যা ভ্রমণ, মন উচাটন করো না রে।
ও মন, ত্রিবেণীর ঘাটেতে বৈস, শীতল হবে অন্তঃপুরে।।
পাঁচ জনে পাঁচ স্থানে গেলে, ফেলে রাখবে প্রসাদেরে।
ও মন, এইত সময় মিছে কাল যায়, (যত) ডাকতে পার দু’অক্ষরে।।