কালী হলি মা রাসবিহারী
উইকিসংকলন থেকে
| কালী হলি মা রাসবিহারী |
|
সুরনির্দেশঃ জংলা – খয়রা |
কালী হলি মা রাসবিহারী
নটবরবেশে বৃন্দাবনে।
পৃথক প্রণব নানা লীলা তব, কে বুঝে এ কথা বিষম ভারি।।
নিজ তনু আধা, গুণবতী রাধা, আপনি পুরুষ আপনি নারী।
ছিল বিবসন কটি, এবে পীত ধটী, এলো চুল চূড়া বংশীধারী।।
আগেতে কুটিল নয়ন-অপাঙ্গে, মোহিত করেছ ত্রিপুরারি।
এবে নিজ কাল, তনুরেখা ভাল, ভূলালে নাগরী নয়ন ঠারী।।
ছিল ঘন ঘন হাস, ত্রিভূবন-ত্রাস এবে মৃদু হাস, ভুলে ব্রজকুমারী।
পূর্বে শোণিত-সাগরে নেচেছিলে শ্যামা, এবে প্রিয় তব যমুনাবারি।।
প্রসাদ হাসিছে, সরসে ভাসিছে, বুঝেছি জননী মনে বিচারি।
মহাকাল কানু, শ্যামা শ্যাম তনু, একই সকল বুঝিতে নারি।।