কিসে আর বোঝাই মন তোরে
উইকিসংকলন থেকে
| কিসে আর বোঝাই মন তোরে |
| লালন-গীতিকা, পৃ. ২০১-০২ |
কিসে আর বোঝাই মন তোরে।
দেল-মক্কার ভেদ না জানিলে
হজ কিসে হয় রে।।
দেল-মক্কা খোদ কুদরতি কাম
খোদ খোদা দেয় তাইতে বারাম
সেইজন্য নূর দেল-মক্কা নাম
সর্ব সংসারে।।
এক দেল যার জিয়ারত হয়
হাজার হাজী তার তুল্য নয়
কেতাবেতে সাফ লেখা যার
তাইতে বলি রে।।
মানুষের মক্কা গঠন
মানুষে তাই করে ভজন
লালন কয় আদি মক্কা কেমন
চিনবি কবে রে।