কেবল আসার আসা, ভবে আসা, আসা মাত্র হলো

উইকিসংকলন থেকে

কেবল আসার আসা, ভবে আসা, আসা মাত্র হলো
রামপ্রসাদ সেন

সুরনির্দেশঃ ললিতবিভাস-একতালা

কিংবদন্তী অনুসারে এই গানটি রামপ্রসাদের মৃত্যুকালে রচিত চারটি গানের অন্যতম।


কেবল আসার আসা, ভবে আসা, আসা মাত্র হলো।
যেমন চিত্রের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রলো।।
মা নিম খাওয়ালে চিনি বলে, কথায় করে ছলো।
ওমা! মিঠার লোভে, তিত মুখে সারা দিনটা গেলো।।
মা খেলবে বলে ফাঁকি দিয়ে নাবালে ভূতলে।
এবার যে খেলা খেলালে মাগো, আশা না পুরিলো।।
রামপ্রসাদ বলে, ভবের খেলায় যা হবার তাই হ’লো।
এখন সন্ধ্যাবেলায়, কোলের ছেলে, ঘরে ফিরে চলো।।