কোন কুলে যাবি মনুরায়

উইকিসংকলন থেকে

কোন কুলে যাবি মনুরায়
লালন

কোন কুলে যাবি মনুরায়।
গুরু-কুল চায় যদি কেউ
            লোক-কুল তার ছাড়তে হয়।।
দুকূল ঠিক রয় না গাঙ্গে
এক কূল রয় আর কূল ভাঙ্গে
ওমনি যেন সাধুর সঙ্গে
            বেদ-বিধির কুল দূরে যায়।।
রোজা পূজা জেতের আচার
মন যদি হয় কর এবার;
বেজাতির কাজ বেদান্তর
            মায়াবাদীর কার্য নয়।।
ভেবে বুঝে এক কুল ধর
দোটানায় কেন ঘুরে মর;
সিরাজ সাঁই কয়, লালন তোর
            কু-ফুরাবে কোন সময়।।