জীবনমরণের সীমানা ছাড়ায়ে

উইকিসংকলন থেকে

জীবনমরণের সীমানা ছাড়ায়ে
রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনমরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে।।
   এ মোর হৃদয়ের বিজন আকাশে
   তোমার মহাসন আলোতে ঢাকা সে,
   গভীর কী আশায় নিবিড় পুলকে
     তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে।।
   নীরব নিশি তব চরণ নিছায়ে
   আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে।
     আজি এ কোন্‌ গান নিখিল প্লাবিয়া
     তোমার বীণা হতে আসিল নাবিয়া।
     ভুবন মিলে যায় সুরের রণনে,
       গানের বেদনায় যাই যে হারায়ে।।