ঢলিয়ে ঢলিয়ে কে আসে গলিতচিকুর আসব-আবেশে
উইকিসংকলন থেকে
| ঢলিয়ে ঢলিয়ে কে আসে গলিতচিকুর আসব-আবেশে |
|
সুরনির্দেশঃ বাগেশ্রী – ধামার |
ঢলিয়ে ঢলিয়ে কে আসে গলিতচিকুর আসব-আবেশে।
বামা রণে দ্রুতগতি চলে, দলে দানবদলে, ধরি করতলে গজ তরাসে।।
কেরে কালীর শরীরে, রুধির শোভিছে, কালিন্দীর জলে কিংশুক ভাসে।
কেরে নীলকমল, শ্রীমুখমণ্ডল, অর্ধচন্দ্র ভালে প্রকাশে।।
কেরে নীলকান্তমণি নিতান্ত, নখরনিকর তিমির নাশে।
কেরে রূপের ছটায়, তড়িত ঘটায়, ঘন ঘোর রবে উঠে আকাশে।।
দিতিসুতচয়, সবার হৃদয়, থর থর থর কাঁপে হুতাশে।
মাগো, কোপ কর দূর, চল নিজ পুর, নিবেদে শ্রীরামপ্রসাদ দাসে।।