তারা! তোমার আর কি মনে আছে

উইকিসংকলন থেকে

তারা! তোমার আর কি মনে আছে
রামপ্রসাদ সেন

সুরনির্দেশঃ প্রসাদী-একতালা

কিংবদন্তী অনুসারে এই গানটি রামপ্রসাদের মৃত্যুকালে রচিত চারটি গানের অন্যতম।


তারা! তোমার আর কি মনে আছে।
ওমা, এখন যেমন রাখলে সুখে, তেম্নি সুখ কি পাছে।।
শিব যদি হয় সত্যবাদী, তবে কি তোমায় সাধি;
মাগো ওমা, ফাঁকির উপরে ফাঁকি, ডান চক্ষু নাচে।।
আর যদি থাকিত ঠাঁই, তোমারে সাধিতাম নাই;
মাগো ওমা, কাটলে পাশা, তুলে দিয়ে গাছে।।
প্রসাদ বলে মন দৃঢ়, দক্ষিণার জোর বড়;
মাগো ওমা, আমার দফা হলো রফা, দক্ষিণা হয়েছে।।