তিলেক দাঁড়া ওরে শমন, বদনভরে মাকে ডাকি

উইকিসংকলন থেকে

তিলেক দাঁড়া ওরে শমন, বদনভরে মাকে ডাকি
রামপ্রসাদ সেন

সুরনির্দেশঃ ললিত-খাম্বাজ-একতালা

কিংবদন্তী অনুসারে এই গানটি রামপ্রসাদের মৃত্যুকালে রচিত চারটি গানের অন্যতম।


তিলেক দাঁড়া ওরে শমন, বদনভরে মাকে ডাকি।
আমার বিপদকালে ব্রহ্মময়ী, এলেন কি না এলেন দেখি।।
লয়ে যাবি সঙ্গে করে, তার এত ভাবনা কিরে,
তবে তারানামের কবচমালা বৃথাই আমি গলায় রাখি।
মহেশ্বরী আমার রাজা, আমি খাসতালুকের প্রজা,
আমি কখন নাতান, কখন সাতান,
কখনও বাকীর দায়ে না ঠেকি।।
প্রসাদ বলে, মায়ের লীলা অন্যে কি জানিতে পারে।
যার ত্রিলোচন না পেলে তত্ত্ব, আমি তাঁর অন্ত পাব কি।।