তুমি কেমন করে গান কর যে গুণী

উইকিসংকলন থেকে

তুমি কেমন করে গান কর যে গুণী
রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি কেমন করে গান কর যে, গুণী,
অবাক হয়ে শুনি কেবল শুনি।
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,
সুরের হাওয়া চলে গগন বেয়ে,
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে
বহিয়া যায় সুরের সুরধুনী।

মনে করি অমনি সুরে গাই,
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই।
কইতে কি চাই, কইতে কথা বাধে-
হার মেনে যে পরাণ আমার কাঁদে-
আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে
চৌদিকে মোর সুরের জাল বুনি।

১০ ভাদ্র/১৩১৬; রাত্রি