তোমার সোনার থালায় সাজাব আজ
উইকিসংকলন থেকে
| ←আনন্দেরই সাগর থেকে | গীতাঞ্জলি ১০ তোমার সোনার থালায় সাজাব আজ |
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ→ |
| ইংরেজী Gitanjali LXXXIII Mother I shall weave a chain |
১০
তোমার সোনার থালায় সাজাব আজ
দুখের অশ্রুধার।
জননী গো, গাঁথব তোমার
গলার মুক্তাহার।
চন্দ্র সূর্য পায়ের কাছে
মালা হয়ে জড়িয়ে আছে,
তোমার বুকে শোভা পাবে আমার
দুখের অলঙ্কার॥
ধন ধান্য তোমারি ধন,
কী করবে তা কও।
দিতে চাও তো দিয়ো আমায়,
নিতে চাও তো লও।
দুঃখ আমার ঘরের জিনিস,
খাঁটি রতন তুই তো চিনিস--
তোর প্রসাদ দিয়ে তারে কিনিস
এ মোর অহংকার॥
রচনাকাল: ১৩১৫?
রবীন্দ্র রচনাবলী (বিশ্বভারতী ১৩৮৯) খণ্ড ১১, পৃ ১১ থেকে সংগৃহীত ।