নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্‌বৃত অম্বর হে গম্ভীর

উইকিসংকলন থেকে

নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্‌বৃত অম্বর হে গম্ভীর
রবীন্দ্রনাথ ঠাকুর
নীল-      অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্‌বৃত অম্বর      হে গম্ভীর!

বনলক্ষ্ণীর কম্পিত কায়, চঞ্চল অন্তর---
ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর      হে গম্ভীর।।
বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে,
কদম্ববন গভীর মগন আনন্দঘন গন্ধে---
নন্দিত তব উৎসবমন্দির      হে গম্ভীর।।
দহনশয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা,
পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির বার্তা।
মাটির কঠিন বাধা হল ক্ষীণ, দিকে দিকে হল দীর্ণ---
নব-অঙ্কুর-জয়পতাকায় ধরাতল সমাকীর্ণ---

ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর      হে গম্ভীর।।