প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে
উইকিসংকলন থেকে
| ←অন্তর মম বিকশিত কর | গীতাঞ্জলি ৬ প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে |
তুমি নব নব রূপে এসো প্রাণে→ |
| গীতবিতান প্রকৃতি শরত ১৪৩ |
৬
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে
প্লাবিত করিয়া নিখিল দ্যুলোক-ভূলোকে
তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া ।
দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ
মুরতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ ;
জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া ।
চেতনা আমার কল্যাণ-রস-সরসে
শতদল-সম ফুটিল পরম হরষে
সব মধু তার চরণে তোমার ধরিয়া ।
নীরব আলোকে জাগিল হৃদয়প্রান্তে
উদার উষার উদয়-অরুণ কান্তি,
অলস আঁখির আবরণ গেল সরিয়া ।
রচনাকাল: অগ্রহায়ণ ১৩১৪ ?
রবীন্দ্র রচনাবলী (বিশ্বভারতী ১৩৮৯) খণ্ড ১১, পৃ ৯ থেকে সংগৃহীত ।