ব্যর্থ প্রাণের আবর্জনা

উইকিসংকলন থেকে

ব্যর্থ প্রাণের আবর্জনা
রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।
একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো॥
     দুন্দুভিতে হল রে কার আঘাত শুরু,
     বুকের মধ্যে উঠল বেজে গুরুগুরু—
পালায় ছুটে সুপ্তিরাতের স্বপ্নে-দেখা মন্দ ভালো॥
     নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি—
     দেখতে তোমায় না যদি পাই নাই-বা দেখি।
     ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া,
ভাব্‌নাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া
বজ্রশিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো॥