মেঘ বলেছে যাব যাব
উইকিসংকলন থেকে
| মেঘ বলেছে যাব যাব |
| শান্তিনিকেতন, ১৭ আশ্বিন [১৩২১], প্রভাত |
মেঘ বলেছে যাব যাব,
রাত বলেছে যাই ।
সাগর বলে, কুল মিলেছে,
আমি তো আর নাই ।
দুঃখ বলে, রইনু চুপে
তাঁহার পায়ের চিহ্নরূপে ।
আমি বলে, মিলাই আমি,
আর কিছু না চাই ।
ভুবন বলে, তোমার তরে
আছে বরণমালা ।
গগন বলে, তোমার তরে
লক্ষ প্রদীপ জ্বালা ।
প্রেম বলে যে, যুগে যুগে
তোমার লাগি আছি জেগে ।
মরণ বলে, আমি তোমার
জীবন-তরী বাই ।