অমল ধবল পালে লেগেছে
উইকিসংকলন থেকে
(লেগেছে অমল ধবল পালে থেকে ঘুরে এসেছে)
| ←আমরা বেঁধেছি কাশের গুচ্ছ | গীতাঞ্জলি ১২ অমল ধবল পালে লেগেছে |
আমার নয়ন ভুলানো এলে→ |
| গীতবিতান প্রকৃতি শরত ১৪৫ ; স্বরবিতান ২৪ |
১৩
অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া --
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া ।।
কোন্ সাগরের পার হতে আনে কোন্ সুদুরের ধন --
ভেসে যেতে চায় মন,
ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া ।।
পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে,
মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে ।
ওগো কাণ্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন
ভেবে মরে মোর মন --
কোন সুরে আজ বাঁধিব যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া ।।
রচনা: শান্তিনিকেতন, ৩ ভাদ্র ১৩১৫
গীতবিতান, বিশ্বভারতী ১৩৮০ সং পৃ ৪৮৩ থেকে সংগৃহীত ।
পাঠান্তর:
গীতাঞ্জলিতে (রবীন্দ্র রচনাবলী, বিশ্বভারতী ১৩৮৯, খণ্ড ১১, পৃ ১৩):
- পঙ্ক্তি ১: ছিল: "লেগেছে অমল ধবল পালে / মন্দ মধুর হাওয়া"
- পঙ্ক্তি ৭: "ঝরো ঝরো" ছিল: "ঝর ঝর"
পঙ্ক্তিবিন্যাস এবং যতিচিহ্নেও তারতম্য আছে।