শুধু তোমার বাণী নয় গো
উইকিসংকলন থেকে
| শুধু তোমার বাণী নয় গো |
| শান্তিনিকেতন, ১৮ ভাদ্র [১৩২১] |
শুধু তোমার বাণী নয় গো
হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার
পরশখানি দিয়ো ।
সারা পথের ক্লান্তি আমার
সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে
খুঁজে না পাই দিশা ।
এ আঁধার যে পূর্ণ তোমায়
সেই কথা বলিয়ো ।
মাঝে মাঝে প্রাণে তোমার
পরশখানি দিয়ো ।
হৃদয় আমার চায় যে দিতে,
কেবল নিতে নয়,
ব’য়ে ব’য়ে বেড়ায় সে তার
যা-কিছু সঞ্চয় ।
হাতখানি ওই বাড়িয়ে আনো,
দাও গো আমার হাতে,
ধরব তারে, ভরব তারে,
রাখব তারে সাথে –
একলা পথে চলা আমার
করব রমণীয় ।
মাঝে মাঝে প্রাণে তোমার
পরশখানি দিয়ো ।