সারা জীবন দিল আলো
উইকিসংকলন থেকে
| সারা জীবন দিল আলো |
| শান্তিনিকেতন, ২০ আশ্বিন [১৩২১], প্রভাত |
সারা জীবন দিল আলো
সূর্য গ্রহ চাঁদ –
তোমার আশীর্বাদ হে প্রভু,
তোমার আশীর্বাদ ।
মেঘের কলস ভরে ভরে
প্রসাদবারি পড়ে ঝরে,
সকল দেহে প্রভাতবায়ু
ঘুচায় অবসাদ –
তোমার আশীর্বাদ হে প্রভু,
তোমার আশীর্বাদ ।
তৃণ যে এই ধুলার 'পরে
পাতে আঁচলখানি,
এই-যে আকাশ চিরনীরব
অমৃতময় বাণী –
ফুল যে আসে দিনে দিনে
বিনা রেখার পথটি চিনে,
এই যে ভুবন দিকে দিকে
পুরায় কত সাধ –
তোমার আশীর্বাদ হে প্রভু,
তোমার আশীর্বাদ ।