বিষয়বস্তুতে চলুন

অগ্নি-বীণা/খেয়া-পারের তরণী

উইকিসংকলন থেকে
​

খেয়া-পারের তরণী

যাত্রীরা রাত্তিরে হ’তে এল খেয়া পার,
বজ্রেরি তূর্য্যে গর্জ্জেছে কে আবার?
প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে!
ঝঞ্ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে!

নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ,
মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ,
নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে,
ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে।

তমসাবৃতা ঘোরা ‘কিয়ামত্’ রাত্রি,
খেয়া-পারে আশা নাই ডুবিল রে যাত্রী!
দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী,
শিঙ্গার হুঙ্কারে থর থর যামিনী।

লঙ্ঘি এ সিন্ধুরে প্রলয়ের নৃত্যে
ওগো কার তরী ধায় নির্ভীক চিত্তে,
অবহেলি’ জলধির ভৈরব গর্জ্জন
প্রলয়ের ডঙ্কার ওঙ্কার তর্জ্জন?

পুণ্য-পথের এ যে যাত্রীরা নিষ্পাপ,
ধর্ম্মেরি বর্ম্মে সু-রক্ষিত দিল্ সাফ্,
নহে এরা শঙ্কিত বজ্র-নিপাতেও
কাণ্ডারী আহ্‌মদ তরী ভরা পাথেয়।

​

আবুবকর্ উস্‌মান উমর্ আলী হায়দর
দাঁড়ী যে এ তরণীর, নাই ওরে নাই ভর!
কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা,
দাঁড়ি-মুখে সারি-গান_লা শরীক আল্লাহ্[১]

‘শাফায়ত্’[২]-পাল-বাঁধা তরণীর মাস্তুল,
‘জান্নাত্’[৩] হ’তে ফেলে হুরী রাশ্ রাশ্ ফুল।
শিরে নত স্নেহ-আঁখি মঙ্গল-দাতৃ,
গাও জোরে সারি-গান ও-পারের যাত্রী।

বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া ভার,
ঐ হ’লো পুণ্যের যাত্রীরা খেয়া পার৷


  1. ↑ লা শরীক আল্লাহ্—ঈশ্বর ভিন্ন অন্য কেহ উপাস্য নাই৷
  2. ↑ শাফায়ত—পরিত্রাণ।
  3. ↑ জান্নাত—স্বর্গ।