বিষয়বস্তুতে চলুন

অগ্নি-বীণা/মোহর্‌রম্

উইকিসংকলন থেকে
​

মোহর্‌রম্

নীল-সিয়া আসমান লালে লাল দুনিয়া,—
“আম্মা![১] লা’ল[২] তেরি খুন কিয়া খুনিয়া”
কাঁদে কোন্ ক্রন্দসী কার্‌বালা ফোরাতে,
সে কাঁদনে আঁসু আনে সীমারেরও ছোরাতে!
রুদ্র মাতম্[৩] ওঠে দুনিয়া দামেশ্‌কে[৪]—
‘জয়নালে পরালো এ খুনিয়ারা বেশ কে?
‘হায় হায় হোসেনা’ ওঠে রোল ঝঞ্ঝায়,
তল্‌ওয়ার কেঁপে ওঠে এজিদেরো[৫] পঞ্জায়!
উন্‌মাদ ‘দুলদুল্’[৬] ছুটে ফেরে মদিনায়,
আলি-জাদা হোসেনের দেখা হেথা যদি পায়!
মা ফাতেমা আস্‌মানে কাঁদে খুলি’ কেশপাশ,
বেটাদের লাশ নিয়ে! বন্ধুদের শ্বেতবাস!
রণে যায় কাসিম্‌[৭] ঐ দু’ঘড়ির নওশা,[৮]
মেহেদীর রঙটুকু মুছে গেল সহসা!
‘হায় হায়’ কাঁদে বায় পূরবী ও দখিনা—
‘কঙ্কণ পঁইচি খুলে’ ফেল সকীনা!’

​

কাঁদে কে রে কোলে ক’রে কাসিমের কাটা-শির?
খান্ খান্ খুন হ’য়ে ক্ষরে বুক-ফাটা নীর!
কেঁদে গেছে থামি’ হেথা মৃত্যু ও রুদ্র,
বিশ্বের ব্যথা যেন বালিকা এ ক্ষুদ্র!
গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা,[৯]
“আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতি মা!”
নিয়ে তৃষা সাহারার দুনিয়ার হাহাকার
কারবালা প্রান্তরে কাঁদে বাছা আহা কার!
দুই হাত কাটা তবু শের-নর ‘আব্বাস’!
পানি আনে মুখে, হাঁকে দুশ্‌মনও ‘সাব্বাস’
দ্রিম্ দ্রিম্ বাজে ঘন দুন্দুভি দামামা’
হাঁকে বীর,—“শির দেগা, নেহি দেগা আমামা।”[১০]
কলিজা কাবাবসম ভুনে মরু-রোদ্দুর,
খাঁ খাঁ করে কার্‌বালা, নাই পানি খর্জ্জুর’,
মা’র থনে দুধ নাই, বাচ্চারা তড়্‌পায়!
জিভ চুষে’ কচি জান থাকে কিরে ধড়্‌টায়?
দাউ দাউ জ্বলে শিরে কারবালা ভাস্কর,
কাঁদে বানু[১১]—“পানি দাও, মরে যাদু আস্‌গর!”[১২]
পেলো না তো পানি শিশু পিয়ে গেল কাঁচা খুন,
ডাকে মাতা, “পানি দেবো ফিরে আয় বাছা শুন্!
পুত্রহীনার আর বিধবার কাঁদনে
ছিঁড়ে আনে মর্ম্মের বত্রিশ বাঁধনে
তাম্বুতে শয্যায় কাঁদে একা জয়নাল,
'দাদা! তেরি ঘর্ কিয়া বর্‌বাদ্‌[১৩] পয়মাল!’[১৪]

​

হাইদরী-হাঁক হাঁকি’ দুল্‌দুল্-আসবার[১৫]
শম্‌শের চম্‌কায় দুশমনে ত্রাস্‌বার!
খসে’ পড়ে হাত হ’তে শত্রুর তরবার,
ভাসে চোখে কিয়ামতে আল্লার দরবার!
নিঃশেষ দুশমন্; ওকে রণ-শ্রান্ত
ফোরাতের নীরে নেমে মুছে আঁখি প্রান্ত?
কোথা বাবা আস্‌গর্? শোকে বুক-ঝাঁঝরা
পানি দেখে হোসেনের ফেটে যায় পাঁজরা!
ধুঁকে’ ম’লো আহা তবু পানি এক কাৎরা[১৬]
দেয় নি রে বাছাদের মুখে কম্‌জাত্‌রা![১৭]
অঞ্জলি হ’তে পানি পড়ে’ গেল ঝর্-ঝর্,
লুটে ভূমে মহাবাহু খঞ্জর-জর্জ্জর!
হল্‌কুমে[১৮] হানে তেগ[১৯] ও কে ব’সে ছাতিতে?—
আফ্‌তাব[২০] ছেয়ে নিল আঁধিয়ারা রাতিতে!
আস্‌মান ভরে’ গেল গোধূলিতে দুপুরে,
লাল নীল খুন ঝরে কুফরের উপরে!
বেটাদের লোহু-রাঙা পিরাহাণ-হাতে আহ্
‘আরশে’র পায়া ধরে’ কাঁদে মাতা ফাতেমা,
“এয়্ খোদা বদ্‌লাতে বেটাদের রক্তের
মার্জ্জনা কর গোনা পাপী কম্-বখ্‌তের!”[২১]
কত মোহর্‌রম এলো, গেল চলে বহু কাল—
ভুলি নি গো আজো সেই শহীদের লোহু লাল।
মুস্‌লিম! তোরা আজ ‘জয়নাল আবেদীন,’[২২]
‘ওয়া হোসেনা—ওয়া হোসেন।’ কেঁদে তাই যাবে দিন।

​

ফিরে এলো আজ সেই মোহর্‌রম মাহিনা,—
ত্যাগ চাই, মর্সিয়া[২৩]-ক্রন্দন চাহি না!
উষ্ণীষ কোরানের, হাতে তেগ্ আরবীর,
দুনিয়াতে নত নয় মুসলিম কারো শির;—
তবে শোন ঐ শোন বাজে কোথা দামামা,
শমশের[২৪] হাতে নাও, বাঁধো শিরে আমামা!
বেজেছে নাকাড়া, হাঁকে নকীবের তূর্য্য,
“হুশিয়ার ইস্‌লাম, ডুবে তব সূর্য্য!
জাগো ওঠ মুস্‌লিম, হাঁকো হাইদরী হাঁক।
শহীদের দিনে সব লালে-লাল হ’য়ে যাক!
নওশার সাজ নাও খুন-খচা আস্তীন্,
ময়দানে লুটাতে রে লাশ এই খাস দিন।
হাসানের মত পি’ব পিয়ালা সে জহরের,[২৫]
হোসেনের মত নিব বুকে ছুরি কহরের;[২৬]
আস্‌গর সম দিন বাচ্ছারে কোর্‌বান,
জালিমের দাদ[২৭] নেবো, দেবো আজ গোর জান!
সকীনার শ্বেতবাস দেবো মাতা কন্যায়,
কাসিমের মত দেবো জান রুধি’ অন্যায়!
মোহর্‌রম্! কারবালা! কাঁদো ‘হায় হোসেন!!’
দেখো মরু-সূর্য্যে এ খুন যেন শোষে না!
দুনিয়াতে দুর্ম্মদ খুনিয়ারা ইস্‌লাম!
লোহু লাও, নাহি চাই নিষ্কাম বিশ্রাম!


  1. ↑ আম্মা।—মাগো।
  2. ↑ ‘লা’ল’—যাদু।
  3. ↑ মাতম্—হাহা ক্রন্দন।
  4. ↑ দুনিয়া-দামেশ্‌কে—দামেশক্‌রূপ দুনিয়ায়।
  5. ↑ এজিদ—হোসেনের প্রতিদ্বন্দী শত্রু।
  6. ↑ দুল্‌দুল্—ইমাম হোসেনের ঘোড়ার নাম।
  7. ↑ কাসিম—ইমাম হাসানের পুত্র, ইমাম হোসেনের জামাতা, সকীনার স্বামী।
  8. ↑ নওশা—বর।
  9. ↑ ফাতেমা—ইমাম হোসেনের ছোট মেয়ে।
  10. ↑ আমামা—শিরস্ত্রাণ।
  11. ↑ বানু—আস্‌গরের মাতা।
  12. ↑ আস্‌গর—ইমাম হোসেনের শিশু পুত্র।
  13. ↑ বর্‌বাদ্—নষ্ট।
  14. ↑ পয়মাল—ধ্বংস।
  15. ↑ আস্‌বার—‘দুলদুল’ ঘোড়ার সোওয়ার, হোসেন।
  16. ↑ এক কাৎরা—এক বিন্দু।
  17. ↑ কম্‌জাতরা—নীচমনাগণ।
  18. ↑ হল্‌কুম-কণ্ঠ।
  19. ↑ তেগ—তরবারি।
  20. ↑ আফ্‌তাব—সুর্য্য।
  21. ↑ কম্-ব্‌খত—হতভাগা।
  22. ↑ জয়নাল আবেদীন—ইমাম হোসেনের পুত্র।
  23. ↑ মর্সিয়া—শোক-গীতি।
  24. ↑ শম্‌শের—তরবার।
  25. ↑ জহর—বিষ।
  26. ↑ কহর—অভিশাপ।
  27. ↑ দাদ—প্রতিশোধ।