বিষয়বস্তুতে চলুন

অগ্নি-বীণা/শাত্-ইল-আরব

উইকিসংকলন থেকে
​

“শাত-ইল-আরব”

শাতিল্-আরব![১] শাতিল্-আরব!! পূত যুগে যুগে তোমার তীর।
শহীদের লোহু, দিলীরের[২] খুন ঢেলেছে যেখানে আরব-বীর।
যুঝেছে এখানে তুর্ক-সেনানী,
য়ূনানী,[৩] মেস্‌রী,[৪] আর্‌বী কেনানী[৫];—
লুটেছে এখানে মুক্ত আজাদ্ বেদূঈন্‌দের চাঙ্গা[৬] শির!
নাঙ্গা-শির্,
শম্‌শের হাতে, আঁশু-আঁখে হেথা মূর্ত্তি দেখেছি বীর-নারীর!
শাতিল্-আরব! শাতিল্-আরব!! পূত যুগে যুগে তোমার তীর।

‘কূত-আমারা’[৭]র রক্তে ভরিয়া
দজ্‌লা[৮] এনেছে লোহুর দরিয়া;
উগারি’ সে খুন তোমাতে দজ্‌লা নাচে ভৈরব ‘মস্তানী’র।
ত্রস্তা-নীর
গর্জ্জে রক্ত-গঙ্গা ফোরাত[৯],—“শাস্তি দিয়েছি গোস্তাখীর!”
দজ্‌লা-ফোরাত-বাহিনী শাতিল! পূত যুগে যুগে তোমার তীর।

বহায়ে তোমার লোহিত বন্যা
ইরাক আজমে[১০] করেছ ধন্যা;—
বীর-প্রসূ দেশ হ’ল বরেণ্যা মরিয়া মরণ মর্দ্দমীর![১১]
মর্দ্দ বীর

​

সাহারায় এরা ধুঁকে’ মরে তবু পরে না শিকল পদ্ধতির।
শাতিল্-আরব! শাতিল্-আরব!! পূত যুগে যুগে তোমার তীর

দুষ্‌মন্‌-লোহু ঈর্ষায় নীল
তব তরঙ্গে করে ঝিল্‌-মিল্‌!
বাঁকে বাঁকে রোষে মোচড় খেয়েছে গিয়ে নীল খুন পিণ্ডারীর!
জিন্দা বীর
‘জুল্‌ফিকার’ আর ‘হায়দরী’ হাঁক হেথা আজো হজরত্ আলীর—
শাতিল্-আরব! শাতিল্-আরব!! জিন্দা[১২] রেখেছে তোমার তীর!

ললাটে তোমার ভাস্বর টীকা
বস্‌রা-গুলের বহ্নিতে লিখা,—
এ যে বসোরার খুন-খারাবী গো রক্ত-গোলাব-মঞ্জরীর!
খঞ্জরীর
খঞ্জরে ঝরে খর্জ্জুর দম হেথা লাখো দেশ-ভক্ত-শির!
শাতিল্-আরব! শাতিল্-আরব!! পূত যুগে যুগে তোমার তীর!

ইরাক-বাহিনী! এ যে গো কাহিনী,—
কে জানিত কবে বঙ্গ-বাহিনী
তোমারও দুঃখে “জননী আমার!” বলিয়া ফেলিবে তপ্ত নীর?—
রক্ত-ক্ষীর—
পরাধীনা! একই ব্যথায় ব্যথিত ঢালিল দু-ফোঁটা ভক্ত-বীর।
শহীদের দেশ! বিদায়! বিদায়!! এ অভাগা আজি নোয়ায় শির!

  1. ↑ শাতিল-আরব—আরব দেশের এক নদীর নাম।
  2. ↑ দিলীর—অসম সাহসী।
  3. ↑ য়ূনানী—য়ূনান দেশের অধিবাসী।
  4. ↑ মেস্‌রী—মিসরের অধিবাসী।
  5. ↑ কেনানী—কেনানের অধিবাসী।
  6. ↑ চাঙ্গা—টাট্‌কা।
  7. ↑ কূত-আমারা—কূত লআমারা নামক স্থান, যেখানে জেনারেল টাউনসেণ্ড বন্দী হন।
  8. ↑ দজ্‌লা—টাইগ্রীস নদী।
  9. ↑ ইউফ্রেটিস।
  10. ↑ ইরাক-আজম—মেসোপোটেমিয়া
  11. ↑ মর্দ্দমী—পৌরুষ।
  12. ↑ জীন্দা—জীবন্ত।