বিষয়বস্তুতে চলুন

অন্ধ সময়ের ডানা/অন্ধ সময়ের ডানা

উইকিসংকলন থেকে

অন্ধ সময়ের ডানা

বহুবছর প্রতীক্ষায় থেকে কালো এক পাখি
নেমে এসেছে পৃথিবীতে সময়কে অন্ধ করে
তুলে নেবে প্রেম জাগতিক হিসাবের অন্ধকারে।
যারা সময়ের রূপে নেমেছিল শিল্পের সমুদ্রে
রাশি রাশি প্রেম সফেদ ধারণা পুষে গাইছিল গান
তারাই অদেখা শিল্পের তাড়নায় ডেকেছিল তারে।
সময় অন্ধ হয়ে গেলে পৃথিবীটা অন্ধ পাখি হয়ে যায়
আমাদের দিন যায় অন্ধ সময়ের ডানায় ডানায়,
যেহেতু ডানার কোনো চোখ নাই সেও অন্ধ থেকে যায়।
অথচ যারাই ডানার পূজারি হয়ে শিল্পে ভেসেছে
তারাও অন্ধ হয়ে সময়ের ডানায় মিশে গেছে।
দেবতা অন্ধ হয়ে গেলে পূজারির চোখ খোলে না,
যদিও খোলে চোখ দেবতা ছাড়া কিছুই দেখে না।
বহুদিন আগে নেমে আসা পাখির ছায়াময় পালকে
অন্ধকার অন্ধকার থেমে আছে সময়
অন্ধ চোখের আড়ালে জমে রক্তের ফেনা,
অচল জীবনে আছে এক অন্ধ সময়ের ডানা।