অমৃত-দ্বীপ/চতুর্থ পরিচ্ছেদ
চতুর্থ পরিচ্ছেদ
দ্বীপে
সুন্দরবাবু তাঁর ‘অটোমেটিক’ বন্দুক ছুঁড়লেন—এক সেকেণ্ডের মধ্যে সেই সাংঘাতিক আধুনিক মারণাস্ত্রের গর্ভ থেকে বেরিয়ে হুড়্-হুড়্ ক’রে বয়ে গেল অনেকগুলো গুলির ঝড়।
কিন্তু মুহূর্তের মধ্যে সমুদ্রের বুকে ভাসন্ত সেই আশ্চর্য্য জীবিত বা মৃত দেহটা জ্বলের তলায় অদৃশ্য হ’ল!
সুন্দরবাবু বন্দুক নামিয়ে বললেন, “হুম্! আমার লক্ষ্য অব্যর্থ! বেটার গা নিশ্চয় ঝাঁজ্রা হয়ে গেছে।”
জয়ন্ত বল্লে, “আমার বোধ হয় গুলি লাগবার আগেই ও-আপদ্টা সমুদ্রে ডুব মেরেছে!”
বিমল বল্লে, “আমারও সেই বিশ্বাস।”
কুমার বল্লে, “মড়াটা খালি জ্যান্তো নয়, বেজায় ধূর্ত্ত!”
মাণিক বল্লে, “ও হয়তো এখন ডুব-সাঁতার দিচ্ছে!”
রামহরি বল্লে, “রাম, রাম, রাম, রাম! পিশাচকে ঘাঁটিয়ে ভালো কাজ হ’ল না।”
সুন্দরবাবু বল্লেন, “অমরই বল, জ্যান্তো মড়াই বল আর পিশাচই বল, অটোমেটিক বন্দুকের কাছে কোন বাবাজীর কোনই ওস্তাদি খাটবে না। এতক্ষণে বেটার দেহ ভেঙে গুঁড়ো হয়ে অতলে তলিয়ে গেছে।”
কিন্তু সুন্দরবাবুর মুখের কথা ফুরুতে-না-ফুরুতেই সেই রক্তশূন্য সাদা দেহটা হুস্ ক’রে আবার ভেসে উঠল! তার মুখে ভয়ের বা রাগের কোন চিহ্নই নেই এবং তার ভাবহীন ও পলকহীন চোখদুটো আগেকার মতই বিস্ফারিত হয়ে তাকিয়ে আছে জাহাজের দিকে!
রামহরি আর সে দৃশ্য সইতে পারলে না, ওঠে-কি-পড়ে এমনি বেগে ছুটে আড়ালে পালিয়ে গেল।
বিমল হাসতে হাসতে বল্লে, “ও সুন্দরবাবু, এখন আপনার মত কি? দেখছেন, মড়াটা এখনো অটুট দেহে বেঁচে আছে?”
প্রথমটা সুন্দরবাবু রীতিমত হতভম্ব হ’য়ে গিয়েছিলেন। কিন্তু তারপরেই সে-ভাব সাম্লে নিয়ে বল্লেন, “তবে আমার টিপ্ ঠিক হয় নি। রোসো, এইবারে দেখাচ্ছি মজাটা!...... আরে, আরে, বন্দুক তুলতে-না-তুলতেই বেটা যে আবার ডুব মারলে হে! এমন ধড়ীবাজ মড়া তো কখনো দেখি-নি! হুম্, কিন্তু যাবে কোথায়? এই আমি বন্দুক বাগিয়ে রইলুম, উঠেছে কি গুলি করেছি। আমার সঙ্গে কোন চালাকিই খাটবে না বাবা!”
কিন্তু দেহটা আর ভেসে উঠল না। সুন্দরবাবু তাঁর প্রস্তুত বন্দুক নিয়ে অনেকক্ষণ তাপেক্ষ। করবার পর বল্লেন, “নাঃ! হতভাগা গুলি খেতে রাজি নয়, স’রে প’ড়ে প্রাণ বাঁচিয়েছে!”
জয়ন্তের মুখ গম্ভীর। সে চিন্তিত ভাবে বললে, “আজ যা দেখলুম, লোকের কাছে বল্লে আমাদের পাগল ব’লে ঠাট্টা করবে। বিমলবাবু, জানি না অমৃত-দ্বীপ কেমন ঠাঁই! কিন্তু সেখানে যারা বাস করে, তাদের চেহারা কি ঐ ভাসন্ত দেহটার মত?”
বিমল মাথা নেড়ে বল্লে, “আমিও জানি না।”
মাণিক বল্লে, “আমার কিন্তু কেমন ভয় ভয় করছে!”
কুমার বল্লে, “ভয়! ভয়কে আমরা চিনি না। ভয় আমাদের কাছে আসতে ভয় পায়।”
মাণিক একটু হেসে বল্লে “ভয় নেই কুমারবাবু, আমিও ভীরু নই। এমন আজগুবি ভুতুড়ে দৃশ্য দেখে আমার বুকটা ছাঁৎ-ছাঁৎ করছে বটে, কিন্তু সেটা হ’চ্ছে মানুষের সংস্কারের দোষ। আমাকে কাপুরুষ ভাববেন না, দরকার হলে আমি ভূত-প্রেত দৈত্য-দানবেরও সঙ্গে হাতাহাতি করতে রাজি আছি। আমি—”
কুমার বাধা দিয়ে মাণিকের একখানা হাত চেপে ধ’রে বললে, “আমি মাপ চাইছি মাণিকবাবু! আমি আপনাকে কাপুরুষ মনে করি না।”
সুন্দরবাবু বললেন, “তা কুমারবাবু, আপনি আমাকে ভীতুই ভাবুন আর কাপুরুষই ভাবুন, আমি কিন্তু একটা স্পষ্ট কথা বলতে চাই—হুম্!”
—“বলুন। স্পষ্ট কথা শুনতে আমি ভালোবাসি।”
—“আমি আর অমৃত-দ্বীপে গিয়ে অমর-লতার খোঁজ-টোজ করব না।”
—“করবেন না?”
—“না, না, না, নিশ্চয়ই না। আমি অমর হ’তে চাই না। অমরলতার খোঁজ করা তো দূরের কথা, আমি আপনাদের দ্বীপের মাটি পর্য্যন্ত মাড়াতে রাজি নই।”
—“কেন?”
—“জয়ন্তের কথাটা আমারও মনে লাগছে। অমৃত-দ্বীপে যারা থাকে নিশ্চয় তারাও হ’চ্ছে জ্যান্তো মড়া! মড়া যেখানে জ্যান্তো হয়, সে দেশকে আমি ঘেন্না করি। থুঃ থুঃ—হুম্! আমি জাহাজ থেকে নামব না।”
—“কিন্তু তারা যদি জাহাজে উঠে আপনার সঙ্গে ভাব করতে আসে?”
—“কী! আমার সঙ্গে ভাব করতে আসবে? ইস্, তা আর আসতে হয় না, আমার হাতে বন্দুক আছে কি জন্যে?...... কিন্তু যেতে দিন ও-সব ছাই কথা, এখন কেবিনের ভেতরে চলুন, ক্ষিধের চোটে আমার পেট চোঁ-চোঁ করছে।”
মাণিক বলে, “এইটুকুই হচ্ছে আমাদের সুন্দরবাবুর মস্ত বিশেষত্ব। হাজার ভয় পেলেও উনি ক্ষিধে ভোলেন না! হয়তো মৃত্যুকালেও উনি অন্তত এক ডজন লুচি আর একটা গোট। ফাউল-রোষ্ট খেতে চাইবেন!”
সুন্দরবাবু খ্যাঁক্-খ্যাঁক্ ক’রে ব’লে উঠলেন, “মাণিক, ফের তুমি ফ্যাচ্ফ্যাচ্ করছ! ফাজিল ছোক্রা কোথাকার!”
* * * *
“লিট্ল্ ম্যাজেষ্টিক্” জল কেটে সমুদ্রের নীল বুকে সাদা ফেনার উচ্ছ্বাস রচনা করতে করতে এগিয়ে চলেছে। মেঘশূন্য নীলাকাশ থেকে ঝ’রে পড়ছে পরিপূর্ণ রৌদ্র।
ক্রমে রোদের আঁচ্ ক’মে এল, সূর্য্যের রাঙা মুখ পশ্চিম আকাশ দিয়ে নামতে লাগল নীচের দিকে।
কুমার ডেকের উপরে এসে দেখলে, পূর্ব্বদিকে তাকিয়ে বিমল চুপ ক’রে দাঁড়িয়ে রয়েছে। তার কাছে গিয়ে বল্লে, “কি শুনছ বিমল? মহাসাগরের চিরন্তন সঙ্গীত?”
—“আমি কিছুই শুনছি না ভাই! আমি এখন পূর্ব্বদিকে একটা দৃশ্য দেখবার চেষ্টা করছি।”
—সূর্য্যাস্তের দেরি নেই। এখন তো রঙিন দৃশ্যপট খুলবে পশ্চিম আকাশে। আজ প্রতিপদ, চাঁদও আসবে খানিক পরে। তবে পূর্ব্বদিকে এখন তুমি কি দেখবার আশা কর?”
—“যে আশায় এতদূর এসেছি।”
—“মানে?”
—“কুমার, এইমাত্র দুরবীণে দেখলুম পূর্ব্বদিকে একটি পাহাড়েঘেরা দ্বীপকে—তার একদিকে রয়েছে পাশাপাশি পাঁচটি শিখর! আমি সেই দিকেই তাকিয়ে আছি। খালি চোখেও ওকে দেখা যাচ্ছে, কিন্তু তুমি ভালো ক’রে দেখতে চাও তো এই নাও দুরবীণ।”
কুমার বিপুল আগ্রহে দুরবীণটা নিয়ে তাড়াতাড়ি চোখে তুলে অবাক্ হয়ে দেখলে, বিমলের কথা সত্য!
ছোট্ট একটি দ্বীপ। তার পায়ে উছ্লে প’ড়ে নমস্কার ক’রে বয়ে যাচ্ছে সমুদ্রের চঞ্চল ঢেউ এবং তার মাথার উপরে উড়ছে আকাশের পটে চলচ্চিত্রের মত সাগর-কপোতরা। পশ্চিম আকাশের রক্ত সূর্য্য যেন নিজের পুঁজি নিঃশেষ ক’রে সমস্ত কিরণ মালা জড়িয়ে দিয়েছে ঐ দ্বীপবাসী শ্যামল শৈলশ্রেণীর শিখরে। হঠাৎ দেখলে মনে হয়, ও যেন মায়াদ্বীপ, চোখকে ফাঁকি দিয়ে ও যেন এখনি ডুব মারতে পারে অতল নীলসাগরে!
ততক্ষণে জয়ন্ত ও মাণিকের সঙ্গে সুন্দরবাবুও জাহাজের ধারে এসে দাঁড়িয়েছেন এবং রামহরিরও সঙ্গে এসেছে বাঘা। দ্বীপটিকে খালিচোখেও দেখা যাচ্ছিল, সকলে কৌতূহলী হয়ে তার দিকে তাকিয়ে রইল।
কুমার বললে, “ওহে বিমল, দ্বীপটি তো দেখছি একরকম পাহাড়ে মোড়া বল্লেই হয়! পাহাড়ের গা একেবারে খাড়া উঠে গিয়েছে উপরদিকে অনেকখানি। ও দ্বীপ যেন পাহাড়ের উঁচু পাঁচিল তুলে সমস্ত বাইরের জগৎকে আলাদা করে দিয়েছে, ওর ভিতরে যেন বাইরের মানুষের প্রবেশ নিষেধ! ও দ্বীপে ঢোকবার পথ কোন্ দিকে?”
বিমল পকেট থেকে অমৃত-দ্বীপের নক্সা বার ক’রে বল্লে, “এই দেখ। দ্বীপের উত্তর-পশ্চিম কোণে পাঁচ-পাহাড়ের সব-চেয়ে উঁচু শিখরওয়ালা পাহাড়টার দিকে তাকিয়ে দেখ। দ্বীপের ভিতর থেকে একটি নদী পাহাড় ভেদ ক’রে সমুদ্রের উপর এসে পড়েছে। আমাদের দ্বীপে ঢুকতে হবে ঐ নদীতেই নৌকো খেয়ে।”
সুন্দরবাবু বল্লেন,“আমি আগে থাকতেই জানিয়ে রাখছি, আমায় যেন জাহাজ থেকে নামতে বলা না হয়!......কেমন রামহরি, তুমিও তো আমার দলেই?”
রামহরি প্রথমটা চুপ ক’রে রইল। তার পর মাথা নাড়তে নাড়তে বল্লে, তা হয় না মশাই! খোকাবাবুরা যদি নামেন, আমাকেও নামতে হবে।”
সুন্দরবাবু বিস্মিত স্বরে বললেন, “সে কি হে রামহরি, ও দ্বীপ যে পিশাচদের দ্বীপ! ওখানে যারা ম’রে যায় তারাও চ’লে বেড়ায়!”
রামহরি বল্লে, “খোকাবাবুদের জন্যে আমি প্রাণও দিতে পারি।”
সূর্য্য অস্ত গেল। জাহাজ তখন দ্বীপের খুব কাছে। ঘনিয়ে উঠল সন্ধ্যার অন্ধকার। জাহাজ শৈল-দ্বীপের পঞ্চশিখরের তলায় গিয়ে দাঁড়াল।
সমুদ্রের পাখীরা তখন নীরব। আকাশ-আসরেও লক্ষ লক্ষ তারা প্রতিপদের চন্দ্রের জন্যে রয়েছে মৌন অপেক্ষায়। দ্বীপের ভিতর থেকেও কোনরকম জীবনের সাড়া পাওয়া যাচ্ছে না।
সমুদ্র কিন্তু সেখানেও বোবা নয়, তার কল্লোলকে শোনাচ্ছে স্তব্ধতার বীণায় অপূর্ব এক গীতিধ্বনির মত।
তারপর ধীরে ধীরে উঠল চাঁদ, অন্ধকারের কালো নিকষে রূপোলী আলোর ঢেউ খেলিয়ে।
বিমল বল্লে, “জয়ন্তবাবু, দ্বীপে ঢোকবার নদীর মুখেই আমাদের জাহাজ নঙ্গর করেছে। এখন যদি বোটে ক’রে আমরা একবার দ্বীপের ভিতরটা ঘুরে আসি?”
মাণিক বল্লে, “কি সর্ব্বনাশ, এই রাত্রে?”
জয়ন্ত বল্লে, “লুকিয়ে খবরাখবর নেবার পক্ষে রাত্রিই তো ভালো সময়, মাণিক! চাঁদের ধবধবে আলো রয়েছে, আমাদের কোনই অসুবিধা হবে না।”
বিমল বল্লে, “আজ আমরা দ্বীপের খানিকটা দেখেই ফিরে আসব। আমি, কুমার আর জয়ন্তবাবু ছাড়া আজ আর কারুর যাবার দরকার নেই। ফিরে আসবার পর কাল সকালে আমাদের আসল অভিযান সুরু হবে।”
মাণিক নারাজের মতন মুখের ভাব ক’রে বল্লে, “কিন্তু যদি আপনারা কোন বিপদে পড়েন?”
—“বিপদের সম্ভাবনা দেখলেই স’রে পড়ব। নয়তো একসঙ্গে তিনজনেই বন্দুক ছুঁড়ে সঙ্কেত করব। উত্তরে আপনারাও বন্দুক ছুঁড়ে আমাদের জানিয়ে জাহাজের নাবিকদের নিয়ে সদলবলে দ্বীপের ভিতরে প্রবেশ করবেন।”
* * * *
চন্দ্রালোকের স্বপ্নজাল ভেদ ক’রে তাদের নৌকা ভেসে চল্ল দ্বীপের নদীতে নাচতে নাচতে। নৌকোর দাঁড় টানছে বিমল ও জয়ন্ত, হাল ধরেছে কুমার। চুপিচুপি কাজ সারবে বলে তারা নাবিকদেরও সাহায্য নেয় নি। খানিকক্ষণ নদীর দুই তীরেই দেখা গেল,পাহাড়রা দাঁড়িয়ে আছে চিরস্তব্ধ প্রহরীর মত। ঘণ্টাখানেক পরে তারা পাহাড়ের এলাকা পার হয়ে গেল।
দুই তীরে তখন চোখে পড়ল মাঝে মাঝে খোলা জায়গা, মাঝে মাঝে ছোট-বড় জঙ্গল ও অরণ্য। চাঁদের আলো দিকে দিকে নানা রূপের কত মাধুরীর ছবি এঁকে রেখেছে, কিন্তু সেদিকে আকৃষ্ট হ’ল না তখন তাদের দৃষ্টি।
দ্বীপের কোথাও যে কোন মানুষের চোখ এই সৌন্দর্য্য উপভোগ করছে, এমন প্রমাণও তারা পেলে না। এ দ্বীপ যেন একেবারে জনহীন—এ যেন সবুজ ক্ষেত্র, বৃহৎ বনস্পতি ও আকাশ-ছোঁয়া পাহাড়দের নিজস্ব রাজত্ব!
জয়ন্ত বল্লে, “বিমলবাবু, এই যদি আপনার অমৃত-দ্বীপ হয়, তাহ’লে বল্তে হবে যে এখানকার অমররা হচ্ছে অশরীরী!”
বিমল হঠাৎ বল্লে, “কুমার, নৌকোর মুখ তীরের দিকে ফেরাও।”
জয়ন্ত বল্লে, “কেন?”
―“ডাঙায় নেমে দ্বীপের ভিতরটা ভালো ক’রে দেখতে চাই।”
―“কিন্তু নৌকো থেকে বেশী দূরে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে?”
বিমল কি জবাব দিতে গিয়েই চম্কে থেমে পড়ল। আচম্বিতে অনেক দূর থেকে জেগে উঠল বহুকণ্ঠে এক আশ্চর্য্য সঙ্গীত! সে গানে পুরুষের গলাও আছে, মেয়ের গলাও আছে! গানের ভাষা বোঝা যাচ্ছে না, কিন্তু বিচিত্র তার সুর—অপূর্ব্ব মিষ্টতায় মধুময়।
কুমার চমৎকৃত কণ্ঠে বললে,“ও কারা গান গাইছে? ও গান আসছে কোথা থেকে?”
বিমল নদীর বাম তীরের দিকে চেয়ে দেখলে। প্রথমটা খোলা জমি, তার পর অরণ্য।
সে বল্লে, “মনে হচ্ছে গান আসছে ঐ বনের ভিতর থেকে। নৌকো তীরের দিকে নিয়ে চল কুমার! কারা ও গান গাইছে সেটা না জেনে ফেরা হবে না।”
খানিক পরেই নৌকো তীরে গিয়ে লাগল। বিমল, কুমার ও জয়ন্ত নিজের নিজের বন্দুক নিয়ে ডাঙায় নেমে পড়ল।
বিমল বল্লে, “খুব সাবধানে, চারিদিকে নজর রেখে আমাদের এগিয়ে যেতে হবে।
তারা ধীরে ধীরে অগ্রসর হ’ল নরম ঘাসে ঢাকা এক মাঠের উপর দিয়ে। সেই অদ্ভুত সম্মিলিত সঙ্গীতের স্বর স্তরে স্তরে উপরে— আরো উপরে উঠছে এবং তার ধ্বনি জাগিয়ে দিচ্ছে বহুদূরের প্রতিধ্বনিকে! সে যেন এক অপার্থিব সঙ্গীত,ভেসে আসছে নিশীথরাতের রহস্যময় বুকের ভিতর থেকে!
যখন তারা বনের কাছে এসে পড়েছে, কুমার হঠাৎ পিছন ফিরে তাকিয়ে চকিত স্বরে বল্লে,“বিমল, বিমল! পিছনে কারা আসছে দেখ!”
বিমল ও জয়ন্ত একসঙ্গে ফিরে দাঁড়িয়ে স্তম্ভিত নেত্রে দেখলে, নদীর দিক্ থেকে সার বেঁধে এগিয়ে আসছে বহু—বহু মূর্ত্তী! সংখ্যায় তারা পাঁচ-ছয়শোর কম হবে না!
বিমল মহাবিস্ময়ে বললে, “নদীর ধারে তো জনপ্রাণী ছিল না! কোত্থেকে ওরা আবির্ভূত হ’ল?”
যেন আকাশ থেকে সহ্য-পতিত এই জনতার দিকে তারা তাকিয়ে রইল আড়ষ্ট নেত্রে। চাঁদের আলোয় দূর থেকে মূর্তিগুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু তাদের মনে হ’ল মূর্ত্তিগুলো মানুষের মূর্ত্তি হ’লেও, প্রত্যেকেরই ভাবভঙ্গি হচ্ছে অত্যন্ত অমানুষিক!