অমৃত (রজনীকান্ত সেন)/কথার মূল্য
অবয়ব
(পৃ. ৩৬)
কথার মূল্য।
নিতান্ত দরিদ্র এক চাষীর নন্দন,
উত্তরাধিকার-স্বত্বে পায় বহু ধন;
সে সংবাদ নিয়ে এল ব্যবহারজীবী,
বলে “চাষী, এত পেলি, আমারে কি দিবি?”
চাষী বলে, “অর্দ্ধভাগ দিব সুনিশ্চয়।”
গণনায় অর্দ্ধ অংশে কোটি মুদ্রা হয়,
সবে বলে, “কি দলিল? কেন দিতে যাস্?”
চাষী বলে, “কথা দিয়ে ফেলিয়াছি,—বাস্।”