বিষয়বস্তুতে চলুন

অমৃত (রজনীকান্ত সেন)/কাচের শিশি ও মে’টে সরা

উইকিসংকলন থেকে

কাচের শিশি ও মে’টে সরা।

শিশি বলে, “মে’টে সরা, তুই শুধু মাটি,
নির্ম্মল আমার দেহ, স্বচ্ছ, পরিপাটি;
অনাদরে গৃহকোণে ফে’লে রাখে তোরে,
আমারে তুলিয়া রাখে কত যত্ন ক’রে!”
মেটে সরা কহে, “ভায়া, গর্ব্ব কর দূর,
হাত থেকে প’ড়ে গেলে দুজনাই চূর;
আরো এক কথা, ভাই, জেনে রে’খ খাঁটি,
আমি মাটি, তোমারও বুনিয়াদ মাটি!”