অমৃত (রজনীকান্ত সেন)/প্রাণীহিংসা ও পরপীড়া
অবয়ব
(পৃ. ৪৩)
প্রাণীহিংসা ও পরপীড়া।
সন্ন্যাসীরে দেখি’, এক রাজপুত্র কহে,
“আহারের ক্লেশ তব হেরি’ প্রাণ দহে;
মৎস্য, মাংস, দধি, দুগ্ধ, খাদ্যের প্রধান;
তোমার কপালে কেন শাকান্ন-বিধান?”
সন্ন্যাসী বলিছে, “জীবহিংসা নাহি করি,
এ কারণ মৎস্য-মাংস-আদি পরিহরি;
গোবৎসে বঞ্চিয়া যারা দধি দুগ্ধ খায়,
স্বার্থতরে পর-পীড়া তাহারা ঘটায়।”