অমৃত (রজনীকান্ত সেন)/সাধু-প্রকৃতি
অবয়ব
(পৃ. ৮)
সাধুপ্রকৃতি।
যত জল শু’ষে লয় প্রখর তপন,
প্রতিবিন্দু বৃষ্টিরূপে করে প্রত্যর্পণ;
বায়ু, তেজঃ, ক্ষিতি হ’তে বৃক্ষ যাহা পায়,
ফল-পত্র-কাণ্ডরূপে ফি’রি দিয়ে যায়;
গাভী যে তৃণটী খায়, করে জল পান,
তার সার, দুগ্ধরূপে করে প্রতিদান;
পরদ্রব্য সাধু যদি করেন গ্রহণ,
জীবের মঙ্গল হেতু করেন অর্পণ।